Thursday, September 8, 2016

গান-১৭

চাঁদের পানে দৃষ্টি মেলে লাগলো সে কী ভালো
চাঁদকে আমি পাই বা না পাই, পাবই যে তার আলো।
কী উদাসী জাগলো হাসি মনের কোণে তাই রে
দূর হয়ে যাক শোকের ছায়া দূর হয়ে যাক কালো।।

বিশ্ব মাঝের সকল কাজে হারাক আমার প্রাণ
লাগুক ভালো কল্পনাকে বক্ষ মাঝের গান।
এই স্নিগ্ধ হাসির ঢেউ ছেপে যাক দুঃখ মাঠের কূলে
মন মুসাফির আঁধার তেড়ে আলোর প্রদীপ জ্বালো।।

আয় করি স্নান সব করে দান  সবার সুখের তরে
সুখ কি আছে সুখের নাচে বদ্ধ সুখের ঘরে
ছুটছো মিছেই সুখের পিছে দেয় না সে তো ধরা
তাই ছেড়ে আয় সবকে বিলাই সেই তো সবার ভালো।।

কোথায় বাসা বাঁধবি খাসা সামান্যকেই ঘিরে
বিশ্বকে তুই করবি খাটো চার দেয়ালেই কিরে
দে খুলে সব বাঁধন যত, বাঁধ ভেঙে দে শত শত
বিশ্বমাঝে যা হারিয়ে সেই তো সবার ভালো।।

০৮ সেপ্টেম্বর, ২০১৬ ।। আল ফারুক

Wednesday, September 7, 2016

গান-১৬

আল্লাহ্‌ আল্লাহ্‌ নাম কে জপে রোজবিহান
প্রভুর নামে শুনি সে কী ঐকতান।
হৃদয় আমার ঐ নামে যে বিভোর হয়
অশ্রু ঝড়ে প্রাণের মাঝে লাগে টান।।

প্রভাত হাওয়া উদাস করে যায় বয়ে
ঘুমের শেষে সবুজ বনে জাগায় প্রান।
রাতের যত স্বপ্নগুলো কয় কথা
সুর করে সব পাখিরা যে গায় সে গান।।

রাতের তাঁরার আলোক ধারা যায় নিভে
দিনের আলো শিশির কোণায় দেয় জাগান।
ক্লান্তি শেষে পুলক মনে যায় দেখি
মন মুসাফির আনন্দে কী অফুরান।।

আড়মোড়াতে ঘুম ভেঙেছে ফুলগুলি
সতেজ বায়ু সুগন্ধ তার করছে দান।
পাঁপড়ি নেড়ে প্রনয় পাগল ডাকছে সে
উদাস ভোমর দেখছি করে কী সন্ধান।।